নির্মল মাজির হস্তক্ষেপে বন্ধ হল পুকুর ভরাটের চক্রান্ত
দি নিউজ লায়নঃ বিডিও অফিস থেকে কয়েক ফুট দূরত্বে একটি পুকুর ভরাটের অভিযোগ উঠেছিল বেশ কিছুদিন ধরেই। যদিও উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডাঃ নির্মল মাজির হস্তক্ষেপে সেই চক্রান্ত বন্ধ হল। অবশ্য শুধু বন্ধ নয় বিধায়ক নিজে উপস্থিত থেকে রাত জেগে ময়লা পরিষ্কার করালেন। বিধায়কের দাবি পুকুর ভরাটের শুধু স্থানীয় বাসিন্দারা নয় আমতার বিডিও এবং ইঞ্জিনিয়ারের প্রত্যক্ষ মদত আছে। যদিও এই ব্যাপারে আমতার বিডিও সুজয় ধরকে একাধিক বার ফোন করলেও তিনি ফোন ধরেননি।
স্থানীয় সূত্রে খবর আমতা বাস স্ট্যান্ড সংলগ্ন দক্ষিণ পাড়া এলাকায় একটি পুকুর সংস্কারের অভাবে ক্রমশ বুঝে যাচ্ছিল। পাশাপাশি নির্মাণকার্য করার জন্য এক শ্রেণীর মানুষ আবর্জনা ফেলে পুকুর ভরাট করছিল। ফলে একদিকে যেমন এলাকায় নিকাশির সমস্যা হচ্ছিল অন্যদিকে সেইরকম দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছিল এলাকার মানুষ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বিষয়টি নিয়ে একাধিকবার প্রশাসনে অভিযোগ জানানো হলেও কোনো কাজ হয়নি। এদিকে বৃহস্পতিবার বিধায়ক ডাঃ নির্মল মাজি এলাকায় গেলে বাসিন্দারা তার কাছে এই ব্যাপারে অভিযোগ জানায়।
আর এরপরেই বিধায়কের নির্দেশে রাতেই জেসিপি লাগিয়ে পুকুর পরিষ্কার করার কাজ শুরু হয়। শুক্রবার বিধায়ক পুনরায় এলাকা পরিদর্শনে করতে এসে অভিযোগ করেন এলাকার পরিবেশ নষ্ট করে প্রোমোটার রাজ কায়েম করার চেষ্টা হচ্ছিল। এই কাজে বিডিও এবং ইঞ্জিনিয়ার এর প্রত্যক্ষ মদত ছিল বলে অভিযোগ করেন বিধায়ক ডাঃ নির্মল মাজি। এদিন বিধায়ক বলেন আমরা পুকুর ভরাট করতে দেব না এটাকে পরিষ্কার করে সৌন্দর্যায়ন করব। অন্যদিকে বিধায়কের এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ।

Post a Comment